পিসিবির নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করল মুজারাবানির এজেন্সি

২০ এপ্রিল, ২০২৬

পিএসএল জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তকে ‘অতিরিক্ত কঠোর’ আখ্যা দিয়েছে তার এজেন্সি ওয়ার্ল্ড স্পোর্টস এক্সচেঞ্জ।

ঘটনার সূত্রপাত ইসলামাবাদ ইউনাইটেডের একটি ঘোষণাকে কেন্দ্র করে। ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুজারাবানিকে দলে নেয়ার কথা জানালেও, কোনো আনুষ্ঠানিক চুক্তিপত্র দেয়নি বলে দাবি এজেন্সির। পরে আইপিএলে সুযোগ পেয়ে কলকাতায় যোগ দেন এই পেসার, যা ভালোভাবে নেয়নি পিসিবি।

চুক্তিভঙ্গের অভিযোগ তুলে তাকে দুই বছরের জন্য পিএসএল থেকে নিষিদ্ধ করা হয়। তবে এজেন্সির দাবি, আনুষ্ঠানিক চুক্তিই যখন হয়নি, তখন ভঙ্গের প্রশ্নই ওঠে না। তাদের ভাষায়, 'যে চুক্তি স্বাক্ষরিত হয়নি, তা ভঙ্গ করা সম্ভব নয়।'

এজেন্সি আরও জানায়, পিএসএলে খেলতে হলে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র প্রয়োজন, আর সেটি পেতে আনুষ্ঠানিক চুক্তিপত্র অপরিহার্য ছিল। কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড সেই প্রক্রিয়া সম্পন্ন করেনি। বরং দীর্ঘ বিলম্বের মধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজি দ্রুত চুক্তি সম্পন্ন করে।

এছাড়া শাস্তির মাত্রা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। অতীতে করবিন বশের মতো খেলোয়াড় এক বছরের নিষেধাজ্ঞা পেলেও, মুজারাবানির ক্ষেত্রে দুই বছর দেয়া হয়েছে—যা ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে মনে করছে এজেন্সি।