ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষ

২০ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় মালবাহী একটি পিকআপ ভ্যান বিকল হয়ে পড়ার পর পেছন থেকে আসা একটি ১০ চাকার লরির ধাক্কায় সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে পিকআপটি উল্টে গিয়ে অন্তত একজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলরত অবস্থায় পিকআপ ভ্যানটির চাকার ড্রাম ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি লরি পিকআপটিকে সজোরে ধাক্কা দিলে সেটি সঙ্গে সঙ্গে উল্টে যায়।

‎দুর্ঘটনায় পিকআপটির চালক আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

‎এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন জানান, পিকআপটির চাকার ড্রাম ভেঙে যাওয়ার কারণে এটি সড়কে বিকল হয়ে পড়ে। পরে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। চালক সামান্য আহত হয়েছেন। গাড়িটি মালিকপক্ষ মেরামত করে নিয়ে যাবে। 
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।