সোনারগাঁয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

২০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উৎসবমূখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন এমপি আজহারুল ইসলাম মান্নান।

সোমবার সকালে উপজেলার প্রতাপনগর এলাকায় অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি ফিতা কেটে এবং সংশ্লিষ্টদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়তে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসিফ আল জিন্নাত। বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই টিকাদান ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।