চাঁপাইনবাবগঞ্জে ‘দুস্থ কার্ড’ বানিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের শঙ্কা

২০ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আদলে কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এই অর্থ আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার শঙ্কায় জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।  

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ধাইনগর ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন স্থানীয় বাসিন্দা জেসমিন বেগম। পরে তিনি খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান ব্যবহার করে একটি দুস্থ কার্ড চালু করেন।

প্রতিটি কার্ডের জন্য ৫ হাজার টাকা করে নিয়ে প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায় করা হয় বলে অভিযোগ করা হয়। এছাড়া কার্ডধারীদের ৩০ কেজি নিম্নমানের চাল দেওয়ার কথা বলে ৫০০ টাকা করে নেওয়া হয়েছে।

চেয়ারম্যান জানান, বিষয়টি জানার পর প্রায় এক বছর পর গত ৫ এপ্রিল ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। এর আগে ৬ এপ্রিল তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭ এপ্রিল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ চন্দের নেতৃত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও থানা পুলিশের সহায়তায় ধাইনগরের জাবড়ী কাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সদরের সহকারী কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত রবিবার তদন্তের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে ডাকা হলে তারা সেখানে উপস্থিত হয়ে নিজ নিজ বক্তব্য দেন। এর আগে জেসমিন বেগম প্রায় ৩০০ নারীকে সঙ্গে নিয়ে ভূমি অফিস ঘেরাওয়ের চেষ্টা করেন এবং চেয়ারম্যানকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং মেসার্স মাসকুরা ট্রেডার্স ও জেসমিন বেগমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ধাইনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য গোলাম রাব্বানী টিটু, স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম, গোলাম জাকারিয়াসহ আরও অনেকে।