নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২২ এপ্রিল, ২০২৬

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত নেপালের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তার গতিশীল নেতৃত্বে একসঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলে উল্লেখ করেন। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

এসময় উভয়েই দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক সম্ভাব্য খাতসমূহ নিয়ে আলোচনা করেন এবং দু’দেশের মাঝে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) দ্রুত চূড়ান্ত করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি পর্যটন, কৃষি, খাদ্য নিরাপত্তা ও জলবিদ্যুৎ খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী পর্যটন খাতের উন্নয়ন ও জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে পোখারা ও কক্সবাজারের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন।

রাষ্ট্রদূত শফিকুর রহমান অগ্রাধিকার খাতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে একটি কৌশলগত সহযোগিতা কাঠামো/পরিকল্পনা গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি সাম্প্রতিক নির্বাচনী ম্যান্ডেট ও জনগণের ব্যাপক সমর্থনের কথা উল্লেখ করে বলেন, বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করে তা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে উভয় দেশের নেতৃত্বের জন্য এখনই উপযুক্ত সময়।

এ প্রসঙ্গে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও শান্তির লক্ষ্যে দুই দেশের প্রচেষ্টায় যে গতি ও সমন্বয় বিদ্যমান রয়েছে, তা কাজে লাগাতে এবং আরও জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।