টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

২২ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মতিন (৩১)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার চর এনায়েতপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে তারটিয়া এলাকায় সড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। 

এতে চালক ও হেল্পার দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক মতিনকে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট স্বপন চাকমা জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।