২২ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠে অবৈধভাবে পুরাতন ব্যাটারি মজুত ও পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে আব্দুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেন এবং জীবননগর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বেচাদহ মজমাগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুর রহমান খয়েরহুদা গ্রামের পাশে একটি ফাঁকা মাঠে অস্থায়ী কারখানা স্থাপন করে বিপুল পরিমাণ পুরাতন ব্যাটারি মজুত করেন। পরবর্তীতে সেগুলো পুড়িয়ে সিসা আহরণ করছিলেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অভিযান চলাকালে এ অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে তাকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে বলেন, ব্যাটারি গলিয়ে সিসা আহরণ একটি অত্যন্ত ক্ষতিকর প্রক্রিয়া, যা পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।