২২ এপ্রিল, ২০২৬
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সঞ্জিত রায়ের মালিকানাধীন একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ রেস্টুরেন্টটিতে আগুন জ্বলে ওঠে। এ সময় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। একপর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকানসহ মোট সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
স্থানীয়দের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের একাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনের তীব্রতায় কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।
বানিয়াচং ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ উদ্দিন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে খবর পাওয়া গেলেও সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতার কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।