পাম্পে ডিজেল নিতে গিয়ে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু

২২ এপ্রিল, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলার পাম্পে ডিজেল নিতে গিয়ে তীব্র রোদে হিটস্ট্রোকে আব্দুল আলম (৫৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় কেশরহাট ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম আব্দুল আলম। তিনি মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার বাকশৈল গ্রামের মনসুর আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার বাকশৈইল গ্রামের কৃষক আব্দুল আলাম বুধবার ভোর রাত থেকে ডিজেল নিতে কেশরহাট ফিলিং স্টেশনে লাইনে দাঁড়ায়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র গরমে তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।

এ সময় পাম্পের কর্মচারী ও স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশরহাট ফিলিং স্টেশনের মালিক মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, লাইনে দাঁড়িয়ে গরমে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মারা গেছেন।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আব্দুল আলম নামে এক ব্যক্তি পাম্পে তিল নিতে এসে মৃত্যু হয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।