২২ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জে র্যাব ও জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালে দালালবিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ও র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান।
এ সময় র্যাব, জেলা প্রশাসন ও পুলিশের একটি টিম অংশ নেয়।
আটকরা হলেন- মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল এবং আ. মান্নান। এদের মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিন, আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। সেইসঙ্গে আ. মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম বলেন, আটকরা রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল আগে-পিছে করে দিত। এ ছাড়া অনেক ক্ষেত্রে রোগীদের বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিত, যার মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হত। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।