২৩ এপ্রিল, ২০২৬
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম কলা বাগান এলাকা থেকে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টায় ‘ওয়াইল্ড লাইফ স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর সদস্য ইমরান হোসেন ইমন প্রাণীটিকে উদ্ধার করেন। পরে তিনি বন বিভাগকে খবর দেন। এর পর কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা রাত ১০টার দিকে এসে প্রাণীটিকে নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে কর্তব্যরত বন বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
কলা বাগান এলাকার যুবক ইমরান হোসেন ইমন রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত ৯টার দিকে কলা বাগান এলাকায় আমি লজ্জাবতী বানরটি বৈদ্যুতিক তার হতে আহত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে আহত অবস্থায় প্রাণীটিকে রাঙ্গুনিয়া ইকো পার্কে নিয়ে যান।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জের অফিস সহকারী ওসমান গনি বলেন, রাতে খবর পাওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তা এবং রেঞ্জ কর্মকর্তার নির্দেশে আমি রাতে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিশ্চিন্তাপুর ইকো পার্কে রাতেই বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করি।
তিনি আরো বলেন, বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির।
সমগ্র রাঙামাটিতে হাতে গোনা ৪ থেকে ৫টি এই প্রজাতির বানর আছে। এটি মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বনাঞ্চলে দেখা যায়।