২৩ এপ্রিল, ২০২৬
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত হওয়ার পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘করপোরাল আনিসে জিরাদাকে আহত অবস্থায় গতকাল দেশে ফিরিয়ে আনা হয় এবং আজ সকালে তিনি মারা যান’।
গত শনিবার দক্ষিণ লেবাননের গান্দুরিয়েহ গ্রামে জাতিসংঘের মিশন ইউনিফিলে দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন তিনি। ওই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেন ম্যাক্রোঁ। যদিও ইরান সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে যে এই ঘটনাটির সঙ্গে তারা জড়িত ছিল না।
লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)-এর প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, শনিবারের হামলায় ফ্লোরিয়ান মন্টোরিও নামে আরেক ফরাসি শান্তিরক্ষী ঘটনাস্থলেই মারা যান। আরও দুইজন শান্তিরক্ষী আহত হয়েছেন। ঘটনাটি ছিল একটি পরিকল্পিত হামলা, যা সম্ভবত হিজবুল্লাহর দ্বারা সংঘটিত হয়েছে।
এর আগে ম্যাক্রঁ বলেছিলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিতে তার পূর্ণ সমর্থন আছে। তবে তার আশঙ্কা করছেন যে চলমান সামরিক অভিযান বন্ধ না হওয়ায় এই যুদ্ধবিরতি অকার্যকর হতে পারে।
ফরাসি প্রেসিডেন্ট অবিলম্বে হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ ও ইসরায়েলকে লেবাননের সার্বভৌমত্বকে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: আলজাজিরা, বিবিসি