চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে নকল বিড়ি ও সিগারেট জব্দ, জরিমানা

২৩ এপ্রিল, ২০২৬

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট এবং নকল আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। এসময় দুই ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট এবং নকল বিড়ি বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের মেহরাজ স্টোর ও সাদ্দাম স্টোর থেকে ২৭ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি, ১০ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত স্টার সিগারেট এবং ১০ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত লাকি স্টিক সিগারেট উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নকল ব্যান্ডরোল ব্যবহার করে অবৈধ ভাবে বিড়ি ও সিগারেট বিক্রি করার অপরাধে মেহরাজ স্টোর স্টোরকে তিন হাজার টাকা এবং সাদ্দাম স্টোরকে আট হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে। অভিযান শেষে জব্দকৃত নকল বিড়ি ও সিগারেট জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন, জনসচেতনতা বৃদ্ধি, ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।