২৩ এপ্রিল, ২০২৬
এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশ আজ দুই জয় পেয়েছে। সকালে নারী দল থাইল্যান্ডকে আর বিকেলে পুরুষ দল সিরিয়াকে হারিয়েছে। সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। ৩১ পয়েন্টের এক বিশাল লিড বজায় রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা।
পুরুষ দলের এই বড় জয়ের আগেই থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টে জয় পায় নারীরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে বাংলাদেশ। প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল।
পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে, যেখানে থাইল্যান্ড থমকে যায় মাত্র ৩৪ পয়েন্টে। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে তারা হার মানতে বাধ্য হয়।