২৩ এপ্রিল, ২০২৬
চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দলে ফিরে নিজের দ্বিতীয় ওভারেই ওপেনার হেনরি নিকোলসকে ফিরিয়েছেন এই বাঁহাতি পেসার।
নতুন বলে মোস্তাফিজের বাউন্সারে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন নিকোলস।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নড়বড়ে শুরুটা হয়েছিল বাংলাদেশের। ৩২ রানে পড়েছিল ৩ উইকেট। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নাজমুল হোসেনের ১১৯ বলে ১০৫ এবং লিটন দাসের ৯১ বলে ৭৬ রানে ভর করে ২৬৫ রানের সংগ্রহ পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়েন লিটন ও নাজমুল। এরপর ষষ্ঠ উইকেটে মিরাজ ও হৃদয় মিলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়েন। ৪৭.৫ ওভার থেকে পরবর্তী ৬ বলের মধ্যে ১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
২৯ বলের ৩৩ রানে অপরাজিত ছিলেন হৃদয়। শেষ ১০ ওভারে ৪ উইকেটে ৬১ রান তুলতে পেরেছে বাংলাদেশ। শেষ ৫ ওভারে ৩৪ রানে পড়েছে ৩ উইকেট।