২৩ এপ্রিল, ২০২৬
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারজনকে ২৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া জব্দ করা হয়েছে চারটি ড্রাম ট্রাক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তা হলো- নাটোরের সিংড়া উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রাকিব হোসেন (২১), গুরুদাসপুর উপজেলার মহরম আলীর ছেলে ইসহাক আলী (২৪), বড়াইগ্রাম উপজেলার সজিব সরকারের ছেলে মেহেদি হাসান (২৪) এবং একই উপজেলার রজব আলীর ছেলে তামজিদ হোসেন (২৫)।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহম্মেদ খান জানান, অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে চারটি ড্রাম ট্রাকসহ চালকদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা ও ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানার টাকা জমা দিতে না পারায় প্রত্যেককে আরও ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয় বলে জানান তিনি। দণ্ডপ্রাপ্তদের তাড়াশ থানা পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জব্দ করা ড্রাম ট্রাকগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।