মেহেরপুরের গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

২৩ এপ্রিল, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পাওয়ারটিলারের ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের সাগর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি চালক সাইফুল ইসলাম তার ট্রলিটি পিছিয়ে রাস্তায় তোলার সময় পেছনে থাকা শিশু রিহানকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিয়া জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।