ভেনেজুয়েলা অভিযান নিয়ে জুয়া খেলে বিপুল অর্থ আয়, আটক মার্কিন সেনা

২৪ এপ্রিল, ২০২৬

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের সামরিক অভিযান নিয়ে বাজি ধরে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক মার্কিন সেনাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনা সদস্য নিজের পদের অপব্যবহার করে অন্তত ৪ লক্ষ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকার বেশি) অবৈধভাবে আয় করেছেন।

সরকারি আইনজীবীদের মতে, গত বছরের ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তারের গোপন সামরিক পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন ভ্যান ডাইক। এই অভিযানের গোপনীয় তথ্য ব্যবহার করে তিনি জনপ্রিয় প্রেডিকশন মার্কেট ‘পলিমার্কেট’-এ ১৩টি ভিন্ন ভিন্ন বাজি ধরেন।

মাদুরো গ্রেপ্তার হবেন কি না বা মার্কিন বাহিনী কখন আক্রমণ করবে—এমন সব স্পর্শকাতর বিষয়ে তিনি জুয়া খেলেন।

মার্কিন বিচার বিভাগ ভ্যান ডাইকের বিরুদ্ধে তিনটি প্রধান অভিযোগ এনেছে। সেগুলো হলো- সরকারি গোপন তথ্যের অবৈধ ব্যবহার, পণ্য জালিয়াতি, ওয়্যার জালিয়াতি। দোষী সাব্যস্ত হলে এই সেনার সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এফবিআই-এর সহকারী পরিচালক জেমস সি বারনাকল জুনিয়র এই ঘটনাকে সহযোদ্ধাদের প্রতি চরম ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করেছেন।

বাজি ধরার এই প্ল্যাটফর্মটি (পলিমার্কেট) জানিয়েছে, তারা নিজেরাই ওই সন্দেহভাজন ব্যবহারকারীকে শনাক্ত করে বিচার বিভাগের হাতে তুলে দিয়েছে। তারা এক বিবৃতিতে বলেছে, আমাদের এখানে ‘ইনসাইডার ট্রেডিং’ বা গোপন তথ্য ব্যবহার করে বাজি ধরার কোনো সুযোগ নেই।

চএই ঘটনাটি নিয়ে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বিষয়টিকে কিংবদন্তি বেসবল খেলোয়াড় পিট রোজের নিজের দলের ওপর বাজি ধরার ঘটনার সঙ্গে তুলনা করেন। ট্রাম্প বলেন, দুর্ভাগ্যবশত বর্তমান পুরো বিশ্বটাই এখন একটা ক্যাসিনোতে পরিণত হয়েছে। জুয়া আমার পছন্দ নয়, তবে পৃথিবীটা এখন অনেক বদলে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাজি ধরার প্রবণতা বেড়েছে। এমনকি ইরানের যুদ্ধ নিয়েও কোটি কোটি ডলারের বাজি হয়েছে।

এই প্রেক্ষাপটে মার্কিন আইনপ্রণেতারা নতুন আইন করার কথা ভাবছেন, যাতে কোনো সরকারি কর্মচারী তাদের কাছে থাকা বিশেষ তথ্য ব্যবহার করে বাজির বাজার থেকে লাভবান হতে না পারেন।

সূত্র : দ্য গার্ডিয়ান