বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

২৪ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে লিলি আক্তার (২২) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর আনুমানিক ১২টার দিকে নবীনগর বাজার এলাকায় তিনি বিষাক্ত কীটনাশক পান করেন। পরে স্থানীয় কয়েকটি হাসপাতাল হয়ে তাকে ঢাকায় নেয়া হয়।

লিলি আক্তার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের বাসিন্দা এবং দুবাই প্রবাসী আশিকের স্ত্রী। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ১৭ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার দ্বন্দ্ব তৈরি হয়।

সর্বশেষ সন্তানকে নিয়ে একটি বিষয়কে কেন্দ্র করে পারিবারিক অশান্তি বাড়ে।

স্বজনরা জানান, ঘটনার দিন লিলি শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশে বের হন। পথে বাজার থেকে কীটনাশক কিনে তা পান করেন এবং নিজের ছবি তুলে স্বামীর কাছে পাঠিয়ে বলেন, “তোদের শান্তি দিলাম। ” পরে স্বামীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে