বরিশালে বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ, কারবারি কারাগারে

২৪ এপ্রিল, ২০২৬

 

বরিশালের মেহেন্দিগঞ্জে নিজ বাড়ির আঙিনায় টবে গাঁজা চাষ করা এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৭টি জীবন্ত গাঁজা গাছ এবং আধা কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।  

শুক্রবার (২৪ এপ্রিল) বরিশাল আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার শামীম রাঢ়ী উপজেলার চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদ ছিল যে শামীম তার বসতবাড়ির আঙিনায় টবে অন্যান্য গাছের আড়ালে নিষিদ্ধ গাঁজার চাষ করছে। এমন তথ্যের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানার একটি বিশেষ টিম বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে আঙিনা থেকে টবে লাগানো ১৭টি বড় গাঁজা গাছ এবং ঘর তল্লাশি করে বিক্রির উদ্দেশ্যে রাখা আরও আধা কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামীম ওই এলাকার একজন চিহ্নিত মাদক বিক্রেতা। পুলিশের চোখ ফাঁকি দিতেই সে টবে গাঁজা চাষ করছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।