২৫ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপির এক নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার জুম্মার নামাজের পর পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর গ্রামে তার নিজ বাসভবনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার আব্দুল জলিল পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, হামলার সময় একদল সন্ত্রাসী তার বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
আহত আব্দুল জলিল অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি ও অবৈধ চুনা ফ্যাক্টরি পরিচালনায় বাধা দেওয়ায় একটি পক্ষ তার ওপর হামলা করেছে। এ ঘটনার পর সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও দুর্বৃত্তরা তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিলে তিনি থানায় অভিযোগ করে রেখেছেন বলেও জানান।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিবুল্লাহ বলেন, আষাড়িয়ারচর এলাকায় দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা শুনেছি। এখনো কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।