সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

২৫ এপ্রিল, ২০২৬

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় মনোয়ারা হাসপাতালের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

 

এ ঘটনায় পিকআপ ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হারুন অর রশিদ কিশোরগঞ্জ সদর উপজেলার পাটদা কাঠালিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।

 

 

বর্তমানে তিনি বেগুনবাড়ি এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়িতে থাকেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।

 

নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, হারুন অর রশিদ বেইলি রোডে মনোয়ারা হাসপাতালের পাশের একটি বাসার প্রাইভেটকারের চালক ছিলেন। ডিউটি শেষে গাড়ি বাসায় রেখে গেটের সামনে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

পরে তাকে উদ্ধার করে স্থানীয় মনোয়ারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ৫২ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।