কেরানীগঞ্জে থানার অদূরে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ

২৫ এপ্রিল, ২০২৬

কেরানীগঞ্জ থানার অদূরে ‘সড়ক দুর্ঘটনায়’ মো. সুলতান (৭০) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার ঢাকুরহাটি গ্রামের তুজুম আলী চৌকিদারের ছেলে সুলতান। বর্তমানে ইকুরিয়া এলাকায় থাকতেন তিনি।

পথচারী প্রিয়ন্তী ও তার স্বামী জানিয়েছেন, কেরানীগঞ্জ থানার অদূরে বিপরীত পাশে ইকুরিয়া এলাকায় যাত্রী ছাউনির সামনে রাস্তার পাশে পড়ে ছিলেন ওই   বৃদ্ধ লোকটি। কেউ ধরছিল না। ছটফট করতে দেখে আমরা তাকে উদ্ধার করি এবং বিষয়টি তাৎক্ষণিক থানায় পুলিশকে ফোনে জানাই। তারা বলেন, আপনারা তাকে হাসপাতালে নিয়ে যান।

তাদের কোনো সহযোগিতা না পেয়ে সেখানে আশপাশের লোকজনের সহযোগিতায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে হাসপাতালের উদ্দেশে যাই। পথে জুরাইন এলাকায় একটি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তারা রাখেনি। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন।

পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় দিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, কোনো একটি গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন ধারণা করা হচ্ছে। কোন গাড়ি সেটি সেখানের লোকজন কিছু বলতে পারেনি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।