২৫ এপ্রিল, ২০২৬
চুয়াডাঙ্গায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামের একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আনিসুর রহমান দামুড়হুদা উপজেলা শহরের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে এবং ঝিনাইদহের খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরের নৈশপ্রহরী ছিলেন।
আনিসুর রহমানের প্রতিবেশী আব্দুল্লাহ জানান, প্রতিদিনের মতো নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে শনিবার সকালে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান।
দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের সামনে একটি মৌমাছির চাক ভেঙে পড়ে এবং তাকে অসংখ্য মৌমাছি আক্রমণ করে। অবস্থা বেগতিক বুঝে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন।
অসংখ্য মৌমাছি তাকে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে বেলা ১১টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগের ডা. ওয়াহেদ মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।