২৫ এপ্রিল, ২০২৬
অনলাইন দুনিয়া কতটা বিপজ্জনক হতে পারে, তার এক ভয়াবহ অভিজ্ঞতা হলো বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ১৩ বছর বয়সী মেয়ে নিতারার। গেমিং অ্যাপের আড়ালে ওত পেতে থাকা এক শিকারির খপ্পরে পড়েছিল অক্ষয় কন্যা। তবে অক্ষয়ের তৎপরতা আর নিতারার সাহসিকতায় এবার শ্রীঘরে ঠাঁই হলো সেই অপরাধীর। মহারাষ্ট্র সাইবার বিভাগ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। ঠিক কী ঘটেছিল নিতারার সাথে? কেন বাবা হিসেবে অক্ষয় কুমার রীতিমতো আতঙ্কিত?
২০২৫ সালের অক্টোবর মাস। অনলাইনে আর পাঁচটা বাচ্চার মতোই গেম খেলছিল অক্ষয়-কন্যা নিতারা। কিন্তু সেই গেমের চ্যাটবক্সেই শুরু হয় আসল বিভীষিকা। গেম খেলতে খেলতে এক অপরিচিত ব্যক্তি নিতারার পরিচয় জানতে চায়।
নিতারা সরল মনে জানায় সে মুম্বইয়ের বাসিন্দা। এরপরেই সেই ব্যক্তি নিতারার কাছে তার আপত্তিকর বা নগ্ন ছবি দাবি করে। অক্ষয় কুমার নিজেই এক সচেতনতা সেশনে ভিডিও বার্তায় বলেন "নিতারা অনলাইন গেম খেলছিল। হঠাৎ একজন তাকে জিজ্ঞাসা করে সে ছেলে না মেয়ে? ও মেয়ে বলা মাত্রই লোকটি তার নগ্ন ছবি পাঠাতে বলে। মুহূর্তেই নিতারা খেলা থামিয়ে তার মা টুইঙ্কলকে সবটা জানায়।"
ঘটনা শোনার পর অভিনেতা এক মুহূর্ত দেরি না করে মহারাষ্ট্র সাইবার বিভাগে অভিযোগ জানান। মহারাষ্ট্র সাইবার পুলিশের এডিজি যশস্বী যাদব নিশ্চিত করেছেন যে, তদন্তের পর অভিযুক্তকে শনাক্ত করে হেফাজতে নেয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিতারার সাহসিকতার প্রশংসা করা হয়েছে, কারণ সে ভয় না পেয়ে তৎক্ষণাৎ তার মা-বাবাকে বিষয়টি জানিয়েছিল।
মেয়ের সাথে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই অক্ষয় কুমার জনসাধারণকে সাইবার অপরাধ নিয়ে সতর্ক করেছেন। তবে ব্যক্তিগত জীবনে এই ঝড়ের মধ্যেই পেশাদার জীবনে সাফল্যের মুখ দেখছেন খিলাড়ি কুমার।
তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভূত বাংলা’ বক্স অফিসে দাঁপিয়ে বেড়াচ্ছে।সামনে রয়েছে অক্ষয়ের একগুচ্ছ মেগা প্রজেক্ট: ওয়েলকাম টু দ্য জঙ্গল: যেখানে ফিরছে সুনীল শেট্টি ও রাভিনা ট্যান্ডন জুটি। হেরা ফেরি ৩: বহু প্রতীক্ষিত কমেডি ফ্র্যাঞ্চাইজি। হেইওয়ান: সাইফ আলি খানের সাথে অ্যাকশন ধামাকা। গোলমাল ৫: অক্ষয়কে প্রথমবার দেখা যাবে গোলমাল ইউনিভার্সে।