২৫ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জের সদর হাসপাতাল সংলগ্ন মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
অভিযানে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স আছে কি না তা যাচাই করা হয়। এর সঙ্গে ল্যাবে কর্মরত টেকনিশিয়ান ও এক্স-রে মেশিন পরিচালনায় নিয়োজিত ব্যক্তিবর্গের যথাযথ লাইসেন্স রয়েছে কি না তা যাচাই করা হয়। একই সঙ্গে ল্যাবে টেস্ট করার জন্য ব্যবহৃত বিভিন্ন রিএজেন্ট মেয়াদোত্তীর্ণ কি না তাও পরীক্ষা করা হয়।
পরে, নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ব্যতীত ল্যাব ও এক্স-রে কার্যক্রম পরিচালনার জন্য মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করা হয়।