২৫ এপ্রিল, ২০২৬
ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উন্নতমানের হুইলচেয়ার ও দর্শনার্থীদের জন্য কয়েকটি চেয়ার প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ধলিয়া বহুলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬ ব্যাচ কল্যাণ পেশাজীবী সমবায়ী সমিতি লিমিটেডের উদ্যোগে এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. হেলিম খান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যক্ষ মঞ্জুরুল হক খান ও অধ্যক্ষ শামছুর রহমান, সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ ‘৮৬ ব্যাচের সদস্যরা।
প্রধান অতিথি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চলাচলে অক্ষম রোগীদের জন্য হুইলচেয়ারটি অত্যন্ত সহায়ক হবে এবং দর্শনার্থীদের বসার জন্য চেয়ারগুলো স্বস্তি দেবে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।