২৬ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামের রাউজান উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে কাউসারুজ্জামান নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে। এঘটনায় কাউসারুজ্জামানের পিঠে গুলি লাগে। খবর পেয়ে স্বজনরা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনায় নিহত বিএনপির কর্মী কাউসারুজ্জামানের লাশ নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শনিবার বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি সড়ক রাউজানের চারাবটতল এলাকায় অবরোধ করে এলাকাবাসী। এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশকে আলটিমেটাম দেওয়া হয়।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গ্রামবাসী ও স্বজনেরা সড়ক অবরোধ করায় যানজট হয়েছে। বেলা তিনটা থেকে সড়ক অবরোধ করে, পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত কাউসারুজ্জামানের বাড়ি ও আশেপাশে পুলিশের দায়িত্ব পালন করছে। জানাজা সম্পন্ন হয়েছে, মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার।
পরিবারের সদস্যরা জানান, কাউসারুজ্জামানের ওপর গত দুই বছরে আরও কয়েকবার সন্ত্রাসীরা হামলা করেছে। এবার গুলি করে হত্যা নিশ্চিত করেছে। তবে কী নিয়ে তাঁর সঙ্গে বিরোধ, সেটি পরিষ্কার জানেন না তাঁরা। শুক্রবার রাত তিনটার দিকে তাঁর নানাবাড়ি থেকে দাওয়াত খেয়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন।
নিহত কাউসারুজ্জামানের বাবা আবুল কালাম বলেন, আমার ছেলে বিএনপির সমর্থক। নানা অন্যায়ের প্রতিবাদ করায় তার ওপর আরও একাধিকবার হামলা হয়েছে। এবার তাকে গুলি করে মেরে ফেলল। আমরা এ ঘটনার বিচার চাই।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একই উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে আবদুল মজিদ (৫০) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা। এর আগে ৫ জানুয়ারি একই ইউনিয়নের অলিমিয়াহাট বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে মুহাম্মদ জানে আলম (৪৮) নামের আরেক যুবদল নেতাকে মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার সাড়ে তিন মাস পার হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ২০ মাসে রাউজানে রাজনৈতিক হানাহানি ও অন্যান্য বিরোধে মোট ২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬টি রাজনীতি সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে।