২৬ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। রবিবার সকালে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোনারগাঁ উপজেলা প্যাডে এ নোটিশ জারি করা হয়।
নোটিশপ্রাপ্তরা হলেন- সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল।
নোটিশে উল্লেখ করা হয়, দলীয় দায়িত্বশীল নেতা হিসেবে তাদের সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে চলার কথা থাকলেও তারা ধারাবাহিকভাবে এমন কিছু কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন, যা সামাজিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দলের সুনাম ক্ষুণ্ন করছে।
এসব কার্যক্রম দলীয় আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, তাদের এমন কর্মকাণ্ড দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল। এ অবস্থায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বা কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নিকট উপস্থিত হয়ে জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।