২৭ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতার বাজারের দক্ষিণে মৌলভীপাড়া এলাকায় চেয়ারম্যানঘাট–সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জহির (৪৬) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা জেলা শহর মাইজদীর সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যানঘাটের উদ্দেশে রওনা দেয়। পথে মৌলভীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জহির মারা যান। আহত হন আরও তিন যাত্রী।
স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণকাজের বালু ও পিলার দীর্ঘদিন ধরে সড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে। এতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, এ এলাকায় ইতিমধ্যে ছোট-বড় মিলিয়ে অন্তত ২০টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে পাঁচজন নিহত হয়েছেন।
চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।
ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় উত্তেজিত জনতা একটি বালুবাহী ট্রাক আটক করে ভাঙচুর করেছে। সড়কে নির্মাণসামগ্রী পড়ে থাকার বিষয়টি তদন্ত করে দেখা হবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।