তীব্র তাপদাহের পর কুড়িগ্রামে বৃষ্টি, শ্রমজীবীদের ভোগান্তি

২৭ এপ্রিল, ২০২৬

টানা তিন দিনের তীব্র তাপদাহের পর কুড়িগ্রামে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। শনিবার (২৫ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হয়ে দিনভর চলা এই বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেও সাধারণ মানুষ ও শ্রমজীবীদের জীবনে নেমে এসেছে নতুন ভোগান্তি।

জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ তাপদাহে অতিষ্ঠ মানুষ বৃষ্টির জন্য অপেক্ষায় ছিলেন। বৃষ্টি শুরু হওয়ায় অনেকে স্বস্তির নিশ্বাস ফেললেও টানা ঝিরঝিরে বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে অটোরিকশা চালক, কুলি ও দিনমজুরদের কাজকর্মে বিঘ্ন ঘটেছে।

এদিকে কৃষি নির্ভর এই জেলায় গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকরা জানান, ঘন ঘন বৃষ্টিতে তোষা জাতের পাটের ক্ষতি হচ্ছে। পাশাপাশি বেগুন, করলা, ঢেঁড়স, পটলসহ বিভিন্ন সবজির উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৫ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

স্থানীয়রা বলছেন, তাপদাহ থেকে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির কারণে নতুন করে জনদুর্ভোগ তৈরি হয়েছে, যা দ্রুত স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছেন তারা।