কেরানীগঞ্জে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

২৭ এপ্রিল, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকার মো. দেলোয়ার (৩৪) এবং ফতেনগর এলাকার মো. রুবেল (৩০)। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টার দিকে উপজেলার কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে গাঁজা সেবনের সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে মোট ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়।

এ অভিযানে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চলতি মাসে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে মোট ১৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।