২৭ এপ্রিল, ২০২৬
যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নওগাঁয় বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের দ্বন্দ্বে রাজশাহীসহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়।
আকস্মিক এ বন্ধে অভ্যন্তরীণ রুটে যাতায়াতকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাস শ্রমিকদের অভিযোগ, প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সিএনজিতে যাত্রী ওঠানো নিষিদ্ধ। কিন্তু সিএনজি চালকরা তা অমান্য করে যাত্রী তুলছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন। এতে বাধা দিলে শ্রমিকদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান তারা।
অন্যদিকে সিএনজি চালকদের দাবি, তারা রিজার্ভ ও নির্দিষ্ট নিয়ম মেনে যাত্রী পরিবহন করছেন। বাস শ্রমিকরা তাদের জোর করে বাধা দিচ্ছে এবং চাঁদাবাজির অভিযোগও তুলেছেন তারা। এ নিয়ে সুষ্ঠু সমাধান না হলে সড়কে বাস ও সিএনজি চলাচল বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন সিএনজি চালকরা।
এ ঘটনায় যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। কেউ চিকিৎসা, কেউ আদালতের কাজ ও কেউ বিভিন্ন গন্তব্যে যেতে এসে আটকে পড়েন টার্মিনালে।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান মতি বলেন, সকালে যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে, ফলে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
নওগাঁ সিএনজি মালিক সমিতির কোষাধ্যক্ষ আব্দুস সালাম বলেন, বাস শ্রমিকদের বাধা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের হুমকির কারণে সিএনজি চালকরাও কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সমাধানের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।