চট্টগ্রাম বন্দরের ১৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৭ এপ্রিল, ২০২৬

উৎসবমুখর পরিবেশে ১৩৯তম বন্দর দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত এই বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। 

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত সব জাহাজ ও জলযান থেকে একযোগে এক মিনিট হুইসেল বাজানো হয়। একই সঙ্গে বন্দরের মসজিদ ও মন্দিরগুলোতে প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বন্দরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বন্দরের কার্যক্রমভিত্তিক ভিডিও প্রদর্শন করা হয়। নবনির্মিত ওয়ান স্টপ বিল্ডিংয়ের স্ক্রিনে সর্বসাধারণের জন্য দিনব্যাপী ভিডিও প্রদর্শনের ব্যবস্থাও রাখা হয়।

এ উপলক্ষে বন্দর ভবনের আশপাশ ও চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার-ফেস্টুনে সজ্জিত করা হয়।

সকালে বন্দর ভবনের পতাকা উত্তোলন বেদিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। এরপর তিনি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বন্দর দিবসের কেক কাটেন। এ সময় তিনি বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে চট্টগ্রাম বন্দর দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। বর্তমানে বন্দরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প সম্পন্ন হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশ আরও সমৃদ্ধ হবে।