মারা গেছেন সংগীতশিল্পী পিন্টু ঘোষের বাবা

২৭ এপ্রিল, ২০২৬

সংগীতশিল্পী পিন্টু ঘোষের বাবা গীরেন্দ্র চন্দ্র ঘোষ আজ সকালে মারা গেছেন। আজ (সোমবার) সকাল ১১টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই গায়ক।

জানা গেছে, গীরেন্দ্র চন্দ্র ঘোষ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পিন্টু ঘোষ বলেন, ‘আমি আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হারালাম। সবার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।’

গীরেন্দ্র চন্দ্র ঘোষের শেষকৃত্য পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সঙ্গীতশিল্পী ও সুরকার পিন্টু ঘোষের জন্ম ১৯৮১ সালের ৭ ফেব্রুয়ারি হবিগঞ্জে। ঢাকায় এসে গান করতে শুরু করেন ২০০৫ সালে। পিন্টু ঘোষ দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সদস্য ছিলেন। ১০ বছরের বেশি সময় ধরে কাজ করা দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’ ছেড়ে দেন বেশকিছু বছর আগে।

এরপর গীতিকার, সুরকার, সংগীত পরিচালক আর সংগীতশিল্পী হিসেবে নিজেই একক ক্যারিয়ার গড়েছেন। একাধিক সিনেমায় সুর ও সংগীত পরিচালনা করে এসেছেন আলোচনায়। দেশের আলোচিত নির্মাতা তৌকীর আহমেদের সবশেষ চার সিনেমা ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’, ‘ফাগুন হাওয়ায়’ ও 'স্ফূলিঙ্গ'তে সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।

এছাড়াও বিশ্ব সুন্দরী, চিৎকার সহ আরও বেশ কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে ও সংগীত পরিচালনা করেছেন। অসংখ্য নাটকের গানে কণ্ঠ দিয়েছেন, করেছেন সংগীত পরিচালনাও। করেছেন অনেক একক গানও। তবে এই দীর্ঘ ক্যারিয়ারে পিন্টুর মতে তার সৃষ্টি সেরা গান ‘একটা ছেঁড়া দিন’, যেটি স্থান পেয়েছে চিরকুটের দ্বিতীয় অ্যালবামে।

পিন্টু ঘোষের প্রথম প্লে-ব্যাকও চিরকুট ব্যান্ডের হাত ধরেই, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে তার গাওয়া ‘কানামাছি মিথ্যা’ গানটি খুবই জনপ্রিয়তা পায়। এছাড়া 'হালদা'তে গাওয়া 'নোনা জল' গানও সকলের মন কাড়ে।