বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই

২৮ এপ্রিল, ২০২৬

কুমিল্লার বুড়িচং পৌরসভার মডেল একাডেমি এলাকায় অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।

বাড়ির মালিক সিএনজি চালক মো. শরীফ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে আসেন।

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে বুড়িচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দুটি বসতঘরসহ ভেতরের মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেন এবং প্রশাসনের পক্ষ থেকে ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।