কাস্টমস কর্মকর্তাকে হত্যার পর লুণ্ঠিত ব্যাগ নিয়ে যাচ্ছে আসামি হৃদয়

২৮ এপ্রিল, ২০২৬

চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। ঘটনার পরপরই একটি ভিডিও ফুটেজে লুণ্ঠিত একটি ব্যাগ নিয়ে আসামি ইমরান হোসেন হৃদয়কে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আসামি হৃদয় নিহত কাস্টমস কর্মকর্তার ব্যাগ হাতে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করছে।

র‍্যাব জানিয়েছে, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র যাত্রীবেশে ফাঁদে ফেলে সিএনজিচালিত অটোরিকশায় তুলে হত্যা করেছে।

চলন্ত অটোরিকশা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজন।

গত রবিবার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানিয়েছে, তারা সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৪ এপ্রিল একটি প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। পরদিন ২৫ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকার একটি হোটেলের পাশ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে পুলিশ।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই তারা তদন্ত শুরু করে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা, একটি চাপাতি, একটি হাতুড়ি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা মূলত রাতে দূরপাল্লার বাসের যাত্রীদের টার্গেট করেন।

এরপর যাত্রীবেশে কৌশলে নিজেদের অটোরিকশায় তুলে অস্ত্রের মুখে ছিনতাই করেন। ঘটনার রাতে অটোরিকশার চালক ও ভেতরে থাকা তিন যাত্রী সবাই এই চক্রের সদস্য ছিলেন।

র‍্যাব আরো জানায়, বুলেট বৈরাগীকে অটোরিকশায় তোলার পর চক্রটি তাকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে তার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা চলন্ত গাড়ি থেকে তাকে ধাক্কা দিয়ে কোটবাড়ীর আইরিশ হিল হোটেলের পাশের ফুটপাতে ফেলে দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার মা নীলিমা বৈরাগী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।