চুনারুঘাটে ঝড়ের কবলে পড়ে প্রাণ গেল অটোরিকশা চালকের

২৮ এপ্রিল, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের কবলে পড়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার (ওসি) শফিকুল ইসলাম।

নিহত অটোরিকশা চালকের নাম ছায়েদ আলী (৩৭)। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, গত দুই দিন ধরে চুনারুঘাটের ওপর দিয়ে ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। অটোরিকশার চালক ছায়েদ আলী প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে রাস্তায় বের হন। সোমবার বিকেলে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে সিএনজিটি ঝড়ের কবলে পড়ে মুহূর্তেই উল্টে যায়। স্থানীয় লোকজন চালক ছায়েদ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।