২৮ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীমের (৬৫) আস্তানায় হামলা ও হত্যা মামলায় এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নেয়া হয় বলে দাবি করেছে তার পরিবার। গ্রেফতারকৃত শিক্ষার্থী ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে গ্রেফতার শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। ঘটনার পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে ছিল। তাই বলে তাকে আসামি করা হবে কেন?’
এর আগে, গত রবিবার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে আরও দুই যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগে দরবার প্রধান ও পীর আব্দুর রহমান শামীমকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।