বরিশালে ৮ ডায়াগনস্টিক ও হোটেলে অভিযান, জরিমানা

২৮ এপ্রিল, ২০২৬

বরিশাল নগরীতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও একটি খাবার হোটেলে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ২ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আটটি ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ লাখ ৮২ হাজার টাকা এবং একটি খাবার হোটেল থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার কাজে ব্যবহৃত কিটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তা ব্যবহার করা হচ্ছিল। এছাড়া কিছু প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও সনদপত্র হালনাগাদ ছিল না। সংশ্লিষ্টরা জানান, মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে পরীক্ষা করলে ফলাফল ভুল হতে পারে, যা রোগ নির্ণয়ে মারাত্মক ঝুঁকি তৈরি করে।

অভিযানে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪০ হাজার টাকা, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪৫ হাজার, বরিশাল সিটি জেনারেল হাসপাতাল থেকে ২০ হাজার, নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেস থেকে ৫০ হাজার এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া হেলথ এইড ও নোভা মেডিকেল সার্ভিসেস থেকে ১০ হাজার টাকা করে এবং গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার থেকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।