দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

২৯ এপ্রিল, ২০২৬

ভোর থেকেই ঢাকার আকাশ কালো মেঘে ঢাকা। ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি, মাঝেমধ্যে বিদ্যুৎ চমকানো ও বজ্রপাত। একই চিত্র দেশের বিভিন্ন স্থানেও। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অধিদপ্তরের সতর্কবার্তায়।

বৃষ্টির কারণে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। বিশেষ করে সকালে কর্মস্থলের উদ্দেশে বের হওয়া যাত্রীদের অনেকে গণপরিবহন সংকট ও সড়কে যানজটের মুখে পড়েন।

শাহবাগ, ফার্মগেট, মিরপুর, মতিঝিল, উত্তরা ও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সড়কে যানবাহনের গতি ধীর হয়ে পড়ে। কিছু এলাকায় জলাবদ্ধতারও খবর পাওয়া গেছে। ছাতা ও রেইনকোট নিয়ে অনেককে চলাচল করতে দেখা যায়।

ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে রাজবাড়ী ও জামালপুরে বজ্রপাতে ২ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (২৯ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামীকালও ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভোলায় সর্বোচ্চ ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।