সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

৩০ এপ্রিল, ২০২৬

সাভারের আশুলিয়ায় বায়িং হাউজের এক কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে আশুলিয়ার আউকপাড়া এলাকার ছায়াকুঞ্জ বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা ওই বাড়ির এক নারী ভাড়াটিয়াকে তুলে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে রেখে যায়। 

বাড়ির গৃহকর্তা বাইং হাউজের কর্মকর্তা আব্দুল্লাহ জানান, ভোররাতে ১০ থেকে ১৫ সদস্যের একদল মুখোশধারী ডাকাত সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, একটি আংটি, দুইটা রূপার চেইন, একটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। 

এসময় ডাকাতরা চলে যাওয়ার সময় বাড়ির মালিক আব্দুল্লাহকে কুপিয়ে ও তার স্ত্রীর দুটি কানের দুল ছিঁড়ে নেয়। ডাকাতেরা যাওয়ার সময় বাড়ির ভাড়াটিয়া আজিজুল ও তার স্ত্রীর নাকের ফুল ও নুপুর নিয়ে যায়। ডাকাতরা আরেক ভাড়াটিয়ার স্ত্রী পপিকে তুলে নিয়ে কিছুদূরে রাস্তার ফেলে রেখে চলে যায়।

সকালে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ডাকাতরা দুই ভরি স্বর্ণসহ কিছু নকল টাকা নিয়েছে। এছাড়া যে নারীকে তুলে নিয়ে গিয়েছিল তার কোনো ক্ষতি করিনি শুধু মাথায় একটু আঘাত পেয়েছে। আমরা ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা করছি। 

প্রসঙ্গত; এর আগে রবিবার দিবাগত রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামের সালাম মেম্বারের বাড়িতে ডাকাতি হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত ওই ডাকাতির সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। এমনকি ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, চাকল গ্রামে যে ডাকাতির ঘটনা ঘটেছে সে বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে আমরা দুইজনকে শনাক্ত করেছি, তবে তাদের আটক করা হয়নি। গতরাতে ডাকাতের ঘটনার বিষয়টি আমরা ভুক্তভোগীকে বলেছি থানায় লিখিত অভিযোগ দিতে। তবে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।