৩০ এপ্রিল, ২০২৬
রংপুরের পীরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, বাদি দশম শ্রেণীর একজন ছাত্রী। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে আসামি মোঃ নুর আমিনের সাথে পরিচয় হয় এবং মোবাইল নম্বর আদান-প্রদান হয়। মোবাইলে যোগাযোগের মাধ্যমে ভিকটিম এবং আসামির মধ্যে প্রেম-ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ১১ জানুয়ারি আসামি নুর আমিন মেয়েটিকে তার পরিচিত গোলাম রাব্বানির ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে।
ঘটনার পরে আসামি নুর আমিন বিয়ে করতে তালবাহানা শুরু করে। একপর্যায়ে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। ফলে গত ২৫ মার্চ মেয়েটি বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকার মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ নুর আমিনকে (২৭) গ্রেফতার করে।সে পীরগঞ্জের ছোট রসুলপর এলাকার মোঃ ফজলুল হকের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে