৩০ এপ্রিল, ২০২৬
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় একশ’ যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন এসএমপির গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘণ্টায় মহানগরের ৬ থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আটকদের মধ্যে নিয়মিত মামলার ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন, মেট্রোপলিটন অধ্যাদেশে ২৫ জন, সন্দেহভাজন ৩ জন, ৪ জন ছিনতাইকারী এবং ২৩ জন মাদক কারবারি ও মাদকসেবী রয়েছেন।
এছাড়া এ সময় ৪৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৫৬টি যান আটক করা হয়েছে।
আইনি ব্যবস্থা নেওয়া যানবাহনের মধ্যে বাস, ট্রাক, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে।