৩০ এপ্রিল, ২০২৬
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার গৌরীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং মো. নাহিদ হাসান। আর প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস। এসময় শেরপুর পুলিশ সদস্যরা সার্বিক সহায়তা করেন।
অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে পাঁচজনকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন- জামালপুর সদরের ফুলবাড়িয়া পশ্চিমপাড়ার রাশেদ (৩৪)কে ১হাজার টাকা, টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়ার জুলহাসকে (৪৫) ১৫শ’ টাকা, শেরপুর সদরের মোবারকপুরের মো. আলমকে (৪৮) ১ হাজার টাকা, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলার আব্দুল বারেককে (৩০) ১ হাজার এবং শেরপুর সদরের খরমপুরের ইব্রাহীমকে (২৬) ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।