৩০ এপ্রিল, ২০২৬
ফরিদপুরের নগরকান্দায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে একটি কেক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকালে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় সাইনবোর্ডবিহীন ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, অভিযানকালে কারখানাটির কোনো বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠান মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।