পরীক্ষায় প্রশ্নপত্র গরমিল, কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি

৩০ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোকেশনাল কেন্দ্রে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষায় প্রশ্নপত্র গরমিলের ঘটনায় কেন্দ্র সচিবসহ ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার অনুষ্ঠিত ওই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র নির্ধারিত থাকলেও ভুলক্রমে প্রশ্নপত্র পরিবর্তন হয়ে যায়। এতে পরীক্ষা শুরুর পরপরই শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরে কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করলে সংশ্লিষ্টরা কারিগরি শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রশ্নপত্র প্যাকেটিং করে খাতা মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ঘটনায় পাবলিক পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। তারা হলেন-শ্যামা প্রসাদ পাল (কেন্দ্র সচিব), নাসিরুদ্দিন তালুকদার (হল সুপার), দিলিপ বৈড়াগী (কক্ষ পরিদর্শক, কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়) ও এজাজুল হক (কক্ষ পরিদর্শক, সাহেবরামপুর ক্রোকির উচ্চ বিদ্যালয়)।