উখিয়ায় ১২০ ক্যান বিয়ারসহ কারবারি আটক

৩০ এপ্রিল, ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ১২০ ক্যান বিয়ারসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃত নুরুল আমিন (৫৪) টেকনাফ সদরের কুলাল পাড়ার মৃত ইদ্রিসের ছেলে।

৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০ টায় কক্সবাজার হতে টেকনাফের উদ্দেশ্য ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর ইমামের ডেইল চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীকালে বিজিবি সদস্যগণ সিএনজি’র পিছনের সিটে বসে থাকা আরোহী নুরুল আমিনকে (৫৪) সন্দেহ মনে হলে তাকে এবং সিএনজির বিভিন্ন অংশে তল্লাশী করা হয়।

এক পর্যায়ে সিএনজির ছিটের পিছনে ২টি কাগজের কার্টুনের মধ্যে ১২০ (একশত বিশ) ক্যান বিয়ার এবং চোরাচালান কাজে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।  

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উক্ত বিয়ার কক্সবাজার হতে ক্রয় করে অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য টেকনাফে বহন করছিল বলে স্বীকার করে।