৩০ এপ্রিল, ২০২৬
বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় মো. হাসেম আলী (৩৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেম আলী উপজেলার কালিকাপুর সড়কপাড়ার ইন্তাজ হোসেনের ছেলে।
সূত্র জানায়, হাসেম আলী কুন্দারহাট এলাকা থেকে অটোভ্যান নিয়ে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং হাসেম আলী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ওই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।