৩০ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহের ভালুকায় স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে স্কুল ছুটির পর শিক্ষক ও কর্মচারীরা চলে যান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোরে স্কুলের প্রহরী মো. মেহের আলী স্কুলে গিয়ে দেখতে পান স্কুলের কেঁচিগেট ও কম্পিউটার রুমের তালা ভাঙা। এ সময় রুমের ভেতর গিয়ে দেখেন, তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ৬টি কীবোর্ড, ৫টি মাউস, একটি রাউটার ও একটি অনু চুরি হয়ে গেছে। এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদী হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক তিন লাখ টাকা হবে।
স্থানীয় আশিকুর রহমান মানিক জানান, স্কুলে চুরির ঘটনা খুব দুঃখজনক। প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেয়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।